দাবি
অনীক মাহমুদ

বীরাঙ্গনা, আর কতো জ্যোত্‍স্নার গল্পে যুক্ত হবে তামাদি সকাল?
ক্র্যাচে ক্র্যাচে কালোরাত পোহানোর দিয়াশিনী দায়গুলো
সন্ত আকাশের ঘোলামেঘে এলোমেলো,
ধ্রুবতারা, স্বাতী, অরুন্ধতী, সপ্তর্ষির পাড়ায় পাড়ায় হুক্কিহুয়া
সারমেয় বৈতালিক শকুনির পাশাখেলা দিশে দিশে
সোনালি প্রতু্যষ গৃধিনীর নখরে বেসামাল
রাঙা সূর্যের কিনারে ইতঃস্তত আবাবিল
স্তব্ধনীল কিচিরমিচির
একদিন আবরাহা-হস্তীকুল পিষ্ট হয়েছিলো
যাদেরই মিহিদানা পাথরনুড়িতে

তোমার সম্ভ্রম বেচে আজ যারা নজরানা চায়
আমজনতার কাঁধে দিয়ে ব্যর্থতা-জোয়াল
ফসলের রাশ তোলে নিজের খলানে_
চাঁদের অলিন্দ থেকে রাহুদের তেজারতি
কিংবা মতাদঙ্গলে দানাবাঁধা নহুষের ওজারতি
মাড়িয়ে মাড়িয়ে খিলভূমি হতে পারে কতটা সবুজ?

বীরাঙ্গনা, আর কতো আশাহত তন্তুজাল
ছিন্ন করে চিঞ্চার বাগানে শুধু শুধু ভূতের বেগার!
এইবার যদি হানো মদমত্ত হাতির ককুদে প্রজ্ঞার অঙ্কুশ
সমূহে বিনষ্টি বাণে যদি হয় উত্‍খাত
ডবল স্ট্যান্ডার্ড ভণ্ডামির উকড়া জঞ্জাল
অঙ্গহীন আমাদের অর্জনের সামূহিক একাত্তর
জড়ো করে পুনরপি পায়ে পায়ে নূপুরের মহরত ঢেলে দেবো,
বীরাঙ্গনা, শুধু দগদগে এই লুণ্ঠন মচ্ছবে
নিরঙ্কুশ নিবৃত্তির মণিবীজ চাই!

  © Notun Diganta 2007.
All Rights Reserved
Powered by headoffice