দু'টি কবিতা
ফকির ইলিয়াস

প্রতীক অরণ্য খুঁজি চাঁদ চাষাবাদে

প্রতীক অরণ্য খুঁজি চাঁদ চাষাবাদে৷ জীবন যথেষ্ট নয়,
দৃশ্যভোরের প্রিয় প্রজনন অপ্রতুল বৃষ্টির মতোই থেকেছে দৃষ্টির গ্রহসীমার বাইরে৷ তবুও বর্ষারথে চড়ে হয়েছি বারবার বেনামি পরিজন৷ মোহের গ্রন্থাগারে তবে কি দ্বিধাই উজ্জ্বল চাঁদ!
কিংবা ডিজিটাল ফ্রেমে বন্দী মুক্ত রাগিনী!
জানি না, ঘুঙুর বাজিয়ে নাচে যে জন,
ডিঙি বেয়ে অন্য যে জন অাঁকে গভীর নদী-সম্বন্ধ,
তাদের জীবনে বিরহ ও বসন্ত সংখ্যা সমান কিনা৷ লতা ও ললিতে জড়ানো আগুন বয়ে তারাও কি যায় চাঁদের গহীন থেকে আলো ঋণ নিতে৷


পূর্ণদৈর্ঘ্য ভুল পথে শুদ্ধ পরিত্রাণ

পূর্ণদৈর্ঘ্য ভুল পথে শুদ্ধ পরিত্রাণ৷ যারা চায় বারবার রোদনের সহজ আদান, একদিন তারাই লিখবে নিজহাতে আবর্তনের সামগ্রিক রূপরেখা৷ এবং পাঁজরের পিঞ্জর প্রধান সময়কে ঢেকে দেবে প্রবাহের প্রস্তুতিপর্বে৷ তারপর খামার থেকে কীটগুলো সরাতে সরাতে চালাবে লাঙল৷ ব্রাত্য ফসল তুলে পৃথিবীর পরিচর্যা সারবে এই সিলিকন প্রজন্ম৷ শূন্যের বামে এক বসিয়ে দিলে জন্ম নেয় যে প্রিয় দশাংক, কিংবা অর্ধবৃত্ত সূর্য নেমে এলে মৃত্তিকা যেমন সাজে আলোর আবছায়ায়৷ মাটির মাতৃমন খুঁজে উত্‍স উত্‍পাদক, তেমনি শূন্যতা ও স্বাভাবিক গতিপথ পেয়ে যাবে৷ বীজ পরম্পরায়৷ অনল চক্রচিহ্ন যে অর্ধেক রেখা রেখে যায়৷

  © Notun Diganta 2007.
All Rights Reserved
Powered by headoffice