মাটিতে উপুড় হয়ে পড়ে-থাকা লোরকার হাতে
উঠে-আসা নুড়ি পৃথিবীতে আজও আছে
মৃতু্যর মুহূর্তে লোরকা কোন্ পঙ্ক্তিটি উচ্চারণ করেছিলেন
ওই নুড়িগুলো জানে
আর জানে গ্রানাডার জল চাঁদ সূর্য ফুল ও পাখিরা
ওদেরকেও জিজ্ঞেস করা যেতে পারে
অন্তিম মুহূর্তে ওরা কোনও ধ্বনি শুনেছিল কিনা
পরীা করা যেতে পারে সেই শক্ত ঠাণ্ডা জমাট মাটি
যেখানে লোরকার রক্তাক্ত শরীর পড়েছিল
কিংবা ওখানকার বাতাস জলবায়ু
গোলাপি রঙের আলো
গুলি খেয়ে মাটিতে পড়ে যাবার পর যা
মাথা তুলে লোরকা দেখেছিলেন
প্রয়োজন হতে পারে তখন আকাশে জন্ম-নেয়া
আন্দালুসীয় আশ্চর্য ভোরকে জিজ্ঞেস করা
ভেঙে-পড়া আকাশের পেট চিরে বের-হওয়া
আলোর বন্যায় ভাসা লোরকার মুখ থেকে
সে কোনও ধ্বনি শুনতে পেয়েছিল কিনা
বিশ্লেষণ করার প্রয়োজন হতে পারে
আন্দালুসীয়ার লোক ঐতিহ্য
জিপসী সংগীত, হাহাকার এবং দোয়েন্দে
তবে ওই নুড়িগুলোই সবচেয়ে নির্ভরযোগ্য বিবেচিত
লোরকার মরণজয়ী জীবন
মৃতু্যর পরও শতাব্দী ধরে লিখে চলেছে কালজয়ী পঙ্ক্তিমালা
মৃতু্যর মুহূর্তে উচ্চারিত পঙ্ক্তিটি ছিল
এ সকল কবিতার মন্ত্রবীজ