
|
কীকী আছে, কীকী নেই
সমুদ্রগুপ্ত
পথ ধরে যায় কি কেউ, না কি
পথ ছাড়তে ছাড়তে যায়
আমরা তো কেউই ধরি না কিছু
তবু হাত কি কি ছড়ায়
বিশুদ্ধ পানের জল অবিশুদ্ধ হাত
কিভাবে কল্পনা করো তুমি
স্বাধীনতা উড়ছে আকাশে
নিচে কাঁদে ভূমি
ভূমির ওপরে হাঁটে দাঁড়িয়ে থাকে কেহ
অনেকেরই পা নেই মাথা নেই
হাত পা কিছুই নেই শুধু আছে দেহ
|