
|
খননের প্রতিধ্বনি
স্বপন আদনান
এমনও সময় ফিরে আসে কাছে তাই
কিছু বা হাওয়ার তপ্ত মদির নেশা
কিছু বা পাওয়ার_নাইবা পাওয়ার_নেশা
সবকিছু আজ মিলেমিশে কেন চাই?
হয়তো কোথাও ফুরিয়ে যাবার পালা
খসে খসে পড়ে পুরোনো পলেস্তারা
ভাঙা দরজায় কড়া নেড়ে যায় হাওয়া
কালগণনার সঞ্চিত অবহেলা_
রাত্রির মুখে চেয়ে থাকি অনিমেষ
ভেসে গেছে কই ঘর বাঁধিবার সাধ,
বিরানভূমির ঘনীভূত অবসাদ
এই প্রবাসের অপব্যয়ে নিঃশেষ৷
এখনতো আর দুরাশায় বোঝা নেই
থেমে গেছে সব যাত্রার গুঞ্জন,
শেষ তবে যতো বিস্তর আয়োজন
খোলা মঞ্চের নিরালায় কাকে পাই?
অথচ এখন শিরায় শিরায় শুনি
সচকিত কোনো তবলার বোলকারি
অন্তঃপুরের অস্থির পায়চারী
আগুয়ার কোনো খননের প্রতিধ্বনি৷
|